বরগুনায় কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর জেলহাজতে থাকা দৈনিক কালবেলার প্রতিনিধি আসাদ সবুজের জামিন শুনানি আগামী ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক জামিন শুনানির দিন মঙ্গলবার (৬ অক্টোবর) ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী অ্যাডভোকেট মতিন জানিয়েছেন, আদালতে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের জন্য আবেদন জানালে বিজ্ঞ বিচারক মঙ্গলবার (৬ অক্টোবর) শুনানির দিন ধার্য করেছেন। এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাস সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেছেন।
উল্লেখ্য, গত পহেলা অক্টোবর রাতে সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ মামলায় আরো ১৩ জন আসামি রয়েছে। মামলায় এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে এক কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। সাংবাদিক আসাদ সবুজ বরগুনার জনৈক সুভাষ ঘোষ কর্তৃক সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে মামলায় আসামি হয়েছেন। পুলিশের পক্ষ থেকে মামলাটি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয়েছে। অপরদিকে সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের নামে অমানবিক জুলুম ও পুলিশের বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দরা। তবে পুরো ঘটনায় একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই খুদা।