যশোরের অভয়নগরে অনুমতি ব্যতিরকে সরকারি ইউরিয়া সার পরিবহন/বিক্রয়/পাচার/অন্যত্র গোপন মজুদ করার দায়ে আ: মজিদ (৩৩) নামের এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন।
মামলার প্রসিকিউটিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে উপজেলার ভৈরব নদী তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসির সাথে সম্পাদিত সরকারি ইউরিয়া সার পরিবহন ঠিকাদার মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুই স্তুপে ৪২০.২ মেট্রিক টন সার না থাকার প্রমাণ পাওয়া যায়। সার না থাকার বিষয়ে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের খুলনা শাখা অফিসের ইনচার্জ আ: মজিদ ভ্রাম্যমাণ আদালতের নিকট কোনো সদুত্তর দিতে পারেননি। সারের লাইসেন্স/নিবন্ধন/বিজ্ঞ আদালতের আদেশ বা অনুমতি ব্যতিরকে সার পরিবহন/বিক্রয়/পাচার/অন্যত্র গোপন মজুদ করার দায়ে মেসার্স টোটাল শিপিং এজেন্সির খুলনা শাখা অফিসের ইনচার্জ আ: মজিদকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয় সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ৮ (১) ধারা মোতাবেক অভিযোগ স্বীকার করায় ‘মোবাইল কোর্ট আইন’ ২০০৯ এর বিধান অনুযায়ী এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’