পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ অক্টোবর উপজেলা পরিষদ হলরুম, আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিরুপমা রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার রায়, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হুমায়ূন কবির, অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, মুক্তি যোদ্ধা কমিটির আহবায়ক পশিম উদ্দিন। এ ছারাও ৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,বিজিবি, আানসার, এনএসআই সদস্য, ডিএসবি এবং প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকহিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীগণ এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার জন্য গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো ও জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। কোনো প্রকার গুজব বা উস্কানিমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে সাথে সাথে প্রশাসনকে অবহিত করতে হবে প্রতিমা বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় শৃঙ্খলা বজায় রাখা হবে। মাদকমুক্ত ও শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকলকে অগ্রিম শুভেচ্ছা জানান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।