শাল্লায় সংখ্যালঘু তরুণীকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৬:১৫ পিএম
শাল্লায় সংখ্যালঘু তরুণীকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর বাবা রোববার (৪ অক্টোবর) দুপুরে শাল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শনিবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

অভিযোগকারী বাবা জানান, তাঁর ২০ বছর বয়সী মেয়েকে তোফাজ্জুল হক বাপন অপহরণ করে নিয়ে গেছেন। এরপর থেকে মেয়ের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। মেয়েটি শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একজন কৃষকের সন্তান। অভিযুক্ত তোফাজ্জুল হক বাপন শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়ার ছেলে। তাঁর বয়স ২৮ বছর।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের এক তরুণীকে অপহরণের অভিযোগে শনিবার থানায় একটি জিডি করা হয়েছিল। রোববার দুপুরে মেয়েটির বাবা সরাসরি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’ এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তোফাজ্জুল হক বাপনের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, ‘বাপনের চলাফেরা ভালো না। গতকালই শুনতে পেরেছি, তার বিরুদ্ধে থানায় এক মেয়েকে অপহরণের অভিযোগ হয়েছে। বিষয়টি জানার পর সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে।’

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ‘শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ হয়েছে বলে শুনেছি। স্থানীয়রা জানিয়েছেন, মেয়েটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। যেহেতু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।’ শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বলেন, ‘শুনেছি শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব একটি ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’ শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তরুণীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে অভিযোগের সত্যতা এবং তরুণীর বর্তমান অবস্থান সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে