আলী সুজা

শিক্ষকের শ্রমের মধ্যদিয়েই একজন শিক্ষার্থীর ভবিষ্যত নির্মিত হয়

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৬:২৫ পিএম
শিক্ষকের শ্রমের মধ্যদিয়েই একজন শিক্ষার্থীর ভবিষ্যত নির্মিত হয়

শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে বরিশালের উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা। প্রধানশিক্ষক মোঃ নাজমুল হকের সঞ্চালনায় সভায় শিক্ষকদের দায়িত্ব, মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তাসহ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আলী সুজা বলেন, শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। একজন শিক্ষকের শ্রম, ধৈর্য ও ভালোবাসার মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মিত হয়।

তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই তাদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের পাশাপাশি অধিকার ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং ভবিষ্যৎ গড়া’ সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী,উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোবারক হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে