রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমি নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা ও লাশ পুড়িয়ে গুম করার দায়ে আসামি মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি মোহাম্মদ মাহিবুর কামাল মহিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালতের পর্যবেক্ষণ থেকে জানা যায়, ২০২২ সালের মার্চ মাসে প্রেমের সম্পর্ক ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম হাছিনা বেগমকে কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে মহিবুল্লাহ। পরে আলামত নষ্ট ও লাশ গুম করার উদ্দেশ্যে তা স্কুলের পরিত্যক্ত টয়লেটে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়।
পরে সুমির মা আমেনা বেগম বাদী হয়ে থানায় মামলা করে। পরবর্তীতে মোবাইল কল লিস্টের সূত্র ধরে র্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। প্রসিকিউশন পক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও সার্বিক প্রমাণাদি পর্যালোচনা শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, আসামির স্বীকারোক্তি, সুরতহাল ও মেডিক্যাল রিপোর্ট, এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হয়। বাংলাদেশ দন্ডবিধ ৩০২ ও ২০১ ধারায় আসামিকে মৃত্যুদণ্ডসহ ৫০হাজার টাকা প্রদান করেন আদালত।