ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গাজীর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার মো. মাসুম বিল্লাহর বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে মধুগঞ্জ বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গাজীর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন।
গ্রাহকদের অভিযোগ, চলতি বছরের ১৫ জুনের আগে স্বল্পশিক্ষিত ও নিরক্ষর কয়েকজন গ্রাহকের হিসাব থেকে ফান্ড ট্রান্সফার, ভুয়া চেক, স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে মোট ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রাহকদের দাবি, এসব বৈঠকে মো. মাসুম বিল্লাহ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগেও দুটি বৈঠক হয়। দ্বিতীয় বৈঠকে তিনি অভিযোগে উল্লেখিত টাকা পরিশোধের জন্য সময় নিয়ে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন বলে গ্রাহকরা জানান।
তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠান এবং আরও এক সপ্তাহ সময় চান। গ্রাহকদের দাবি, পরবর্তীতে ৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়েও তিনি বা তার প্রতিনিধিরা উপস্থিত হয়ে টাকা পরিশোধ করেননি। বিষয়টি সমাধানে ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে বারবার যোগাযোগ করেও তারা প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। মানববন্ধনে গ্রাহকরা তাদের পাওনা টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।