লায়ন্স ক্লাব অব রংপুর এর অক্টোবর সেবা সপ্তাহে

রংপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৫:৫৯ পিএম
রংপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মানবসেবার প্রত্যয় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অক্টোবর সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রংপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ এবং মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব রংপুর।

বুধবার (৭ অক্টোবর) রংপুরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে মাদক ও ডেঙ্গুর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। লায়ন্স ক্লাব অব রংপুর, জেলা ৩১৫ এ২, বাংলাদেশের অক্টোবর সেবা সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআইটির প্রতিষ্ঠাতা ও লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মো. নাজমুল আলম নাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৬-২৭ লায়নিস্টিক বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফরিদ আহমেদ রুমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিও অ্যাডভাইজার ও ক্লাব পরিচালক লায়ন গোলাম মোস্তফা টিটু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন শহিদুল আনাম তুহিন ও লায়ন আরিফ হোসেন টিটু, ক্লাব সেক্রেটারি লায়ন আকলাকুল ইসলাম তারেক এবং ক্লাব ট্রেজারার লায়ন শফিকুল ইসলাম স্বপন। এ সময় ক্লাবের সদস্যদের মধ্যে লায়ন রাফিউল হাসান রাফি, লায়ন জিয়াউল কাদের সেলিম, লায়ন লোকমান হোসেন, লায়ন ফারুক আহমেদ, লায়ন সাগর হোসেন, লায়ন অন্তিক, লায়ন সোহেল আহমেদ লিখন, লায়ন হাফেজ আর্কিটেক্ট আবুল হাসান, লায়ন আবু সাঈদ, লায়ন রেজাউল করিম, লায়ন আবুল কালাম আজাদ, লায়ন আসাদুজ্জামান লিটন ও লায়ন রাইয়ান তৌসিফসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া প্রস্তাবিত লায়ন আব্দুল গফুর মিয়াজী, আনোয়ার হোসেন ও মনোজির হাসনাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল ইআইটি পরিচালনা পর্ষদ।

সভায় ক্লাব সেক্রেটারি লায়ন আকলাকুল ইসলাম তারেক লায়ন্স ক্লাব অব রংপুরের পক্ষ থেকে শিক্ষার্থীদের আগামী ৮ অক্টোবর বিশ্ব লায়ন দিবসের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, রংপুর অঞ্চলে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং তাদের মানবসম্পদে রূপান্তরের ক্ষেত্রে ইআইটি পরিচালনা পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ জন্য তিনি প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইআইটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।লায়ন্স ক্লাব অব রংপুরের নেতৃবৃন্দ বলেন, মানবসেবার প্রত্যয়কে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য ও জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অক্টোবর সেবা সপ্তাহের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।