চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অনুদানের চেক ও বিশেষ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তহবিল থেকে উপকারভোগীদের এ সহায়তা প্রদান করা হয়। এছাড়া সংসদ সদস্যের তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে বুধবার (৭অক্টোবর) গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিমনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য দেন-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
বক্তব্য দেন-রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। অনুষ্ঠানে এসপির ঐচ্ছিক তহবিল থেকে ৩৬ জনকে নগদ ৫০ হাজার টাকা ও দুস্থ, অসহায় অসুস্থ প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জনকে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, “সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”