ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুই ইয়াবা সেবীকে কারাদন্ড সহ অর্থদন্ড দেওয়া হয়েছে। দন্ডিতরা হলেন-উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের শেখ মোকলেছের মেয়ে রীমা আক্তার (২৫) ও বেপারী ডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা (২৮)। দন্ডিতদের মধ্যে রীমা আক্তারকে ৬ মাসের বীনাশ্রম কারাদন্ড সহ ১০০ টাকা জরিমানা এবং রাশেদ মৃধাকে ১ মাসের কারাদন্ড সহ আরও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই দন্ড প্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযানে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দন্ডিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, ওই দিন সকালে উপজেলার বিন্দুডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির আঙিনা থেকে রিমা আক্তারকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। একই সময় পার্শ্ববতী বেপারীডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রাশেদ মৃধাকে আটক করা হয়। পরে দুই মাদক সেবীকে অপরাধের ধরন বুঝে ভিন্ন মেয়াদে কারাদন্ড সহ অর্থদন্ড করা হয় বলে জানা যায়।