ছুটির দিনে সিলেটে ঘুরতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই প্রবাসী ও ব্যবসায়ী। এ ঘটনায় অন্তত আরও আটজন সফরসঙ্গী আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে সাবেক প্রবাসী মো. সোহেল বকাউল (৩৬) এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া গ্রামের খালেক তপদারের ছেলে চাঁদপুর শহরের ব্যবসায়ী মো. খায়রুজ্জামান পিপুল (৪৫)।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন- চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রোবাস চালক শরীফ হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট ও আলন প্রধানীয়াসহ আরও দুজন।
প্রত্যক্ষদর্শী ও আহত সফরসঙ্গী সুজন খান জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া থেকে তারা একটি মাইক্রোবাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার সকাল ৭টার দিকে গাড়িটি সিলেটের শেরপুর থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মাইক্রোবাসটিতে সজোরে আঘাত করে। মুহূর্তে গাড়ি দুমড়ে-মুচড়ে সোহেল ও খায়রুজ্জামান নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসের অধিকাংশ যাত্রী ঘুমে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে ছুটির দিনে পর্যটনে গিয়ে চাঁদপুরের দুই ব্যবসায়ীর এমন অকাল ও হৃদয়বিদারক মৃত্যুর খবর নিজ নিজ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।