প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায়

পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৪০ পিএম
পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।  শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ জানায়, আশরাফুল পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তাঁর প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতেও যেতেন আশরাফুল। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে। এই বিরোধের জেরে শনিবার ভোররাতে রেখা ব্লেড দিয়ে তাঁর স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তাঁর প্রথম স্ত্রী রয়েছেন।

ওসি আরও জানান, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে