ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে বিক্ষোভ করার সময় অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অনুমতি ছাড়া রাজনৈতিক জমায়েত ঠেকাতে পুলিশ এ পদক্ষেপ নেয়।
দিনের শুরুতে আগস্ট ক্রান্তি ময়দান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকেরা। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের প্রতি সংহতি জানাতে অনুমতি ছাড়াই তারা সেখানে জড়ো হয়েছিলেন।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে, চলমান আন্দোলনের অংশ হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।