দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৪ জন অজ্ঞাতনামা ভারতীয় নাগরিক কে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১১ অক্টোবর রোববার সকাল ৮ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয়নগর কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ৪ জন (পুরুষ-২, মহিলা-২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা পরিলক্ষিত হয়।
বিজিবির সতর্ক অবস্থান তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ এর উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক ৮টার দিকে ভারতীয় উক্ত ৪ জন নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
উল্লেখ্য সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।