সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে বিশেষ শৃঙ্খলা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সততা ও ত্যাগের মূল্যায়নের আশ্বাস দিয়ে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গত শনিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী জলিল এলাকায় নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই ঐতিহ্য আমাদের যেকোনো মূল্যে বজায় রাখতে হবে। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী, এখানে কোনো বিভেদ বা চক্রান্তের স্থান নেই। দেশের এই অর্জিত সম্প্রীতি বিনষ্ট করে কেউ যাতে কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে, সেজন্য প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পাদনে সুনির্দিষ্ট সাংগঠনিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক ও মণ্ডপভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন করতে হবে। এই কমিটি স্থানীয় আয়োজক ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সজাগ দৃষ্টি রাখবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সীতাকুণ্ডের এই শীর্ষ নেতা বলেন, যাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে, তাদের বিষয়ে বিশেষ টিমের মাধ্যমে মাঠপর্যায়ের সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রার্থীর সততা, যোগ্যতা ও রাজপথের ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে মনে রাখতে হবে, দলের চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ব্যক্তিস্বার্থে কোনো কাজ করলে রাজনৈতিক প্রতিপক্ষ সেই সুযোগ নেবে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোরছালিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, যৌথ আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত আলী ও ফজলুল করিম চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, মুজাহির উদ্দিন আশরাফ, আকবরশাহ থানা বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার সেলিম, সদস্যসচিব মইনুদ্দিন চৌধুরী মাঈনু, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, সদস্যসচিব সেলিম উদ্দিন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্যসচিব মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আকবর কাজল, বিএনপি নেতা নুরুল আনোয়ার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, শহিদুল্লাহ ভূঁইয়াসহ চট্টগ্রাম উত্তর জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।