জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। এর আগে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য "শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই বিষয়কে সামনে রেখে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা এবং কন্যাশিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ গান পরিবেশিত হয়।
বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন পাপন,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, জামায়াত নেতা শামসুল আলম প্রমুখ।
উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্রতিবছর ১১ অক্টোবর পালিত হলেও বাংলাদেশে জাতীয় কন্যাশিশু দিবসটি ১২ অক্টোবর উদযাপিত হয়।
এর আগে সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী গাজীপুর-৪ (কাপাসিয়া) নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াচর্চার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে
একশত ফুটবল, ভলিবল ও নেট ২৫টি,
৩ ব্যাডমিন্টন র্যাকেট, নেট, কর্ক ২২টি, দাবা সেট ৪টি, হ্যান্ডবল ৬টি। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।