জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৩৩ পিএম
জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। এ সময় দুর্যোগের মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ ও নিজেদের সুরক্ষায় করণীয় বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওলিউর রহমান রুবেল।

সভায় বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর হেলাল, জিয়ানগর থানার উপপরিদর্শক (এসআই) ওমর সানী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম, জামায়াতের প্রতিনিধি জাকির হোসেন, প্রেসক্লাবের প্রতিনিধি মো. জিয়াউল ফকির, রেড ক্রিসেন্টের প্রতিনিধি আনোয়ার হোসেন ও এনজিও প্রতিনিধি হাসান মাহামুদ প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি হয়। তাই দুর্যোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল গড়ে তোলা জরুরি। পাশাপাশি দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে