শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৩ পিএম
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি ও নিরাপত্তাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‌্যালির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। আলোচনা সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা এবং আগাম প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম মেনে চলা এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

তাঁরা আরও বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুধু সরকারি সংস্থা বা উদ্ধারকর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। বাড়িতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, জরুরি বহির্গমন পথ খোলা রাখা, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা বজায় রাখা এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে পরিবারের সদস্যদের ধারণা দেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও আবাসিক এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ড মোকাবিলায় একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভাতে হয়, তা তুলে ধরা হয়। এ ধরনের মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। দিবসটির কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, নিরাপদ পরিবার গঠন এবং সম্মিলিত উদ্যোগে দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে