‘ঘর থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। এ সময় উপস্থিথ ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগেভাগেই প্রস্তুতি নেওয়া উচিত। তাই, সকলের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগের সময় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে সন্দ্বীপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় মুক্তাগাছা ফায়ারসার্ভিসের স্টাফ অফিসার শহীদুলের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।