পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমানার জের ধরে দায়িত্ব পালনকারী এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) বাদী হয়ে মো. বাবুল মোল্লা (৫৫) নামের এক অসাধু সার ব্যবসায়ীর বিরুদ্ধে নাজিরপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা কৃষি অফিসার এবং সহকারী কমিশনারের (ভূমি) মো. আহসান হাবিব এর যৌথ নেতৃত্বে দীঘিরজান বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওই অভিযানে দায়িত্ব পালন করছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক। অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে ২ বস্তা ইউরিয়া, ৩.৫ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি এবং ৫ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
লাইসেন্সহীন সার বিক্রির অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বাবুল মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান শেষে বিকেলে বিপুল কুমার মল্লিক বাজারে ব্যক্তিগত কাজে গেলে বাবুল মোল্লা তার পথরোধ করে। মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতার অপরাধে তাকে “উচিৎ শিক্ষা”দেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় ওই কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বাবুল মোল্লা প্রকাশ্যে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নাজিরপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা গ্রহন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভুক্তভোগী কর্মকর্তা নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা বলেন, পূর্ব অভিযোগের ভিত্তিতে লাইসেন্সহীন সার বিক্রির অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বাবুল মোল্লাকে জরিমানা ও সার জব্দ করা হয়। অভিযানে তিনি আমার সাথেও অসদাচরণ করেন। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করলে তিনি আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর দোকানের শাটারের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব জানান, দীঘিরজান বাজারের ব্যবসায়ী মো. বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুনেছি আমরা ওখান থেকে অভিযান পরিচালনা করে চলে আসার পরে আমাদের কৃষি অফিসের এক কর্মকর্তাকে অভিযুক্ত সেই ব্যক্তি মারধর করেছে। এ বিষয়ে আমরা সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নিবো।