খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়ে তার বড় ভাই গোলাম রসুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১৪১ রাউন্ড পয়েন্ট টু-টু বোরের গুলি, ১৩ রাউন্ড ১২ বোরের শটগানের গুলি ও একটি দুই ধারবিশিষ্ট চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার উত্তর দেয়ানা এলাকার হোসেন শাহ রোডের ২১২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম রসুলের শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। সেগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল ডিবি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত গোলাম রসুল বাদশা কক্সবাজারে গুলিতে নিহত গোলাম রব্বানীর টিপুর বড় ভাই। তিনি একটি পত্রিকার খুলনা প্রতিনিধি এবং শিক্ষকতা করেন বলেও জানা যায়। গ্রেপ্তারের পর তিনি পুলিশকে জানান, অস্ত্রের লাইসেন্স আছে, কিন্তু গুলির কোনো কাগজ দেখাতে পারেননি। গুলি নাকি টিপুর রেখে যাওয়া সেটিও দাবি করেন গোলাম রসুল। গোলাম রব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। গত বছরের (২০২৫) ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেল সি-গালের সামনের ফুটপাতের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার ভগ্নিপতি ইউনুস আলী শেখ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।