চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ ‘আন্-নাজির আইডিয়াল মাদ্রাসা’ প্রাঙ্গণে স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশান ও আন্-নাজির ট্রাস্টের যৌথ অংশীদারিত্বে নতুন মানবিক ও শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার সময় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আন্-নাজির আইডিয়াল মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীরা হলুদ ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর প্রধান অতিথি উদ্বোধনী ফলক উন্মোচন করে স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশানের যৌথ অংশীদারিত্বে আন্ নাজির ট্রাস্ট এর কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন ও আন্-নাজির ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. রহমান জিলানী পিএইচডি।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা সেবার প্রসারে তাৎক্ষণিক সহায়তা হিসেবে সরকারি টিআর/কাবিখা তহবিল থেকে ৩ লক্ষ টাকা অনুদান বরাদ্দের ঘোষণা দেন। তিনি বলেন, "আজকে যদি পারেন আমাকে একটি আবেদনপত্র দিয়েন, আমি টিআর/কাবিখা থেকে ৩ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাব। পরবর্তীতে আবারও যখন সরকারি টিআর/কাবিখা বরাদ্দ আসবে, তখন যোগাযোগ রাখবেন। মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে, যেন প্রতিষ্ঠান পরিচালনায় কিংবা শিক্ষক-শিক্ষার্থীদের কোনো কষ্টে পড়তে না হয়।"
নাজিরপাড়ার সাথে নিজের পুরোনো স্মৃতির কথা স্মরণ করে এমপি ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, "নাজিরপাড়ায় আমার বড় বোনের বাসা হওয়ায় এখানকার বহু মানুষের সাথে আমার দীর্ঘদিনের পরিচিতি ও গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। কালের পরিক্রমায় নাজিরপাড়ায় বেশ নগরায়ন ঘটেছে এবং আধুনিক বড় বড় ভবন গড়ে উঠেছে। এলাকার বিত্তবান ও সুশীল সমাজ যদি সম্মিলিতভাবে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে এটি চাঁদপুর জেলায় একটি অত্যন্ত মানসম্মত ও সুনামধন্য দ্বীনি ও আধুনিক শিক্ষা নিকেতন হিসেবে পরিচিতি লাভ করবে।" সভাপতির বক্তব্যে ড. রহমান জিলানী আন্-নাজির ট্রাস্ট এবং স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের ভবিষ্যৎ রূপরেখা, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং শিক্ষা বিস্তারের নানান পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। বিশিষ্ট সমাজসেবক মুনীর চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ নাজির ট্রাস্টের চেয়ারম্যান মিসেস নাজমা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব ও আন্ নাজির আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা নিজামুল হক, মাদ্রাসার উপাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ হারিস, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, আব্দুল কাদের দেওয়ান মিন্টু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী উপস্থিত ছিলেন।