৭ মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৮:১২ পিএম
৭ মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ সাত মিনিটে তিন গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নামা কার্লোস এস্পি ও এন্দ্রিকের গোলে সমতায় ফেরার পর ৯০ মিনিটে জয়সূচক গোল করেন অ্যান্থনি রুডিগার। ম্যাচের ২০ মিনিটে মার্টেন ডি রুনের গোলে এগিয়ে যায় রোমা। তবে পাঁচ মিনিট পর কিলিয়ান এমবাপের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢ়ুকলে সমতা ফেরায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল এমবাপের শততম ম্যাচ এবং ৭২তম গোল। দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে ডনিয়েল মালেনের দুই গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রোমা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে একের পর এক রক্ষণাত্মক বদল আনেন স্বাগতিক কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। কিন্তু শেষ দিকে রিয়ালের আক্রমণ সামলাতে পারেনি রোমার রক্ষণ। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন এস্পি। এরপর ৮৫ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান এন্দ্রিক। আর ৯০ মিনিটে গুলারের সেট-পিস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালের নাটকীয় জয় নিশ্চিত করেন রুডিগার। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ড্র ও এক হারে দুই ম্যাচ শেষে রোমার সংগ্রহ মাত্র এক পয়েন্ট।