অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ ক্যাপশনের সঙ্গে ছবিতে ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি নতুন কোনো নাটক বা সিনেমায় একসঙ্গে কাজ করছেন তারা?
প্রকাশিত ছবিগুলোতে চমক ও শুভকে একটি সুসজ্জিত হোটেলকক্ষে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। একটি ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। অন্য একটি ছবিতে শুভকে নিজের হাতে চমককে খাবার খাইয়ে দিতে দেখা গেছে। তাদের এমন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ছবিগুলোর পেছনের ঘটনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’
চমকের এই বক্তব্যে নতুন কোনো কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বেড়েছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি আরিফিন শুভ। ছবিগুলো কোনো নাটক বা সিনেমার দৃশ্য কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে চমকের পরবর্তী ঘোষণার দিকেই তাকিয়ে আছেন ভক্তরা।
চমকের রহস্যময় ক্যাপশন দেখে কেউ কেউ এটিকে নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ বলে মনে করছেন। আবার কেউ ছবিগুলোর পেছনে অন্য কোনো গল্প আছে কি না, তা নিয়ে কৌতূহল প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত নতুন কোনো কাজের ঘোষণা না আসায় বিষয়টি নিশ্চিত করে বলার সুযোগ নেই।
ব্যক্তিজীবনে চমক
রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তবে তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। মা-বাবার ইচ্ছা ছিল, মেয়ে চিকিৎসক হবেন। সেই ইচ্ছা পূরণে এমবিবিএস ডিগ্রিও সম্পন্ন করেন চমক।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান তিনি। পড়াশোনার কারণে অভিনয়ে নিয়মিত হতে কিছুটা সময় লাগলেও ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন।
ব্যক্তিজীবনে ২০২৪ সালের ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন চমক। আজমানের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। চমকের সাম্প্রতিক পোস্টে ‘আবারও বিয়ে’র কথা বলা হলেও সেটি বাস্তব জীবনের কোনো ঘটনা, নাকি অভিনয়সংক্রান্ত নতুন কোনো কাজের ইঙ্গিত, তা এখনো স্পষ্ট নয়।