গত মঙ্গলবার ১৩ অক্টোবর দৈনিক যুগান্তর সহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে “ইউপি সদস্য হয়েও জেলে কার্ডে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে”শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব বক্তব্য ও অভিযোগ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছি। আমি মো. দুলাল ফকির, চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ১ নম্বর চরবলেশ্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে উপস্থাপিত কিছু তথ্য যথাযথ যাচাই-বাছাই ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করেই প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। ভবিষ্যতে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ থাকায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমার আশঙ্কা।
উল্লেখ্য, সাগরে আমার দুটি মাছ ধরার ট্রলার রয়েছে। মাছ ধরার সঙ্গে আমার সম্পৃক্ততা থাকা সত্ত্বেও জেলেদের তালিকায় কীভাবে আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।
আমার দাবি, একটি স্বার্থান্বেষী মহল জেলেদের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করে আমার মান-সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। আমি ব্যক্তিগত উদ্যোগে অনেক প্রকৃত জেলেকে চাল দিয়ে সহযোগিতা করেছি। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রকৃত তথ্য, সংশ্লিষ্ট নথিপত্র ও ঘটনার বাস্তব প্রেক্ষাপট যাচাই করা প্রয়োজন।
প্রকাশিত সংবাদটি পড়ে সাধারণ মানুষের মধ্যে আমার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। জেলে কার্ড এবং সরকারি সহায়তার চাল গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট বিধিমালা, প্রকৃত যোগ্যতা ও সরকারি নীতিমালার আলোকে বিবেচনা করা উচিত। এ ক্ষেত্রে আমার বক্তব্য ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে না ধরে একতরফাভাবে সংবাদ প্রকাশ করা হলে তা আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।
আমি দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও যথাযথভাবে উপস্থাপন এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।
অতএব, প্রকাশিত সংবাদটির বিষয়ে প্রকৃত তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ এবং আমার বক্তব্য যথাযথভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।