সাতকানিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা ও থানা গঠনের ঘোষণা দিলেন চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় এলাকার সাংসদ আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ। সাতকানিয়া উপজেলার ৬ টি ইউনিয়নকে নিয়ে নতুন থানা ও উপজেলা গঠনের দাবিতে আয়োজিত মহাসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদানকালে এ ঘোষণা দেন। শনিবার (১৭ অক্টোবর) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাটে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এম এ হাশেম রাজু। এতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ এবং খাগরিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখিত ৬ টি ইউনিয়ন হতে বিপুল সংখ্যক জনগণ এই মহাসমাবেশে যোগদান করেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি ও জনদাবির প্রেক্ষিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদের ডিও লেটারের প্রেক্ষিতে বিগত ১০ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা হতে উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক পত্রে সাতকানিয়া উপজেলার ১৭ টি ইউনিয়নের মধ্য হতে উল্লেখিত ৬টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে পাঠাতে বলা হয়। ইতিমধ্যে ইউনিয়নসমূহে গণশুনানী সম্পন্ন হয়েছে। কেরানিহাটের মহাসমাবেশে এমপি জসিম উদ্দিন আহমদ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান উত্তর সাতকানিয়ার ৬টি ইউনিয়ন নিয়ে উত্তর সাতকানিয়া উপজেলা ও থানা বাস্তবায়নের ঘোষণা দিয়ে দিয়েছেন। খুব শীঘ্রই উপজেলা ও থানা কমপ্লেক্স নির্মাণসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।"
তিনি আরো বলেন, "চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাকে এ গ্রেডে উন্নীত করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দোহাজারীকে আরো আধুনিকভাবে গড়ে তোলা হবে।"