বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ পিএম
বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। শনিবার তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৮৬টি মন্দিরে এ বছর শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া সহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি সম্পাদকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে