বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে ভারত থেকে আমদানি করা নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। ১৭ অক্টোবর কোচগুলো কারখানায় আনা হয়। প্রয়োজনীয় নিরীক্ষা শেষে কোচগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারখানা সূত্র।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ভারত থেকে মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানির চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে প্রথম চালানের ১৮টি কোচ গত ১৬ অক্টোবর গেদে সীমান্ত হয়ে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কাস্টমস ও ইমিগ্রেশন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। পরদিন শনিবার কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টদের আশা, নতুন কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি যাত্রীদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। চুক্তির আওতায় বাকি কোচগুলোও পর্যায়ক্রমে বাংলাদেশে আনার কথা রয়েছে।