এমপি জয়নুল আবেদীন

মীরগঞ্জ সেতু নির্মিত হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম
মীরগঞ্জ সেতু নির্মিত হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদীসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলছে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতু নির্মাণ প্রকল্প। সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটসংলগ্ন এলাকায় সেতু নির্মাণবিষয়ক এক সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সভায় বক্তব্যে তিনি বলেন, মীরগঞ্জ সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সেতুটি বাস্তবায়িত হলে বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং শিল্পায়নের পথ সুগম হবে।

জয়নুল আবেদীন বলেন, ‘মীরগঞ্জ সেতু নির্মাণের বিষয়ে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানো হয়েছে, যাতে প্রকল্পটি বাস্তবায়িত না হয়। কিন্তু কোনো অপপ্রচারই এ উদ্যোগকে থামাতে পারেনি। এটি বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। সেতুটি নির্মাণে আর কোনো বাধা নেই।’

তিনি আরও বলেন, সেতু নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে জমি অধিগ্রহণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রহমতপুর-বাবুগঞ্জ-হিজলা-মুলাদী মহাসড়কের (জেড-৮০৩৪) অষ্টম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৪৮৪ মিটার। এ ছাড়া প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ৪৭৩ মিটার সংযোগ সড়ক নির্মাণ, টোল প্লাজা স্থাপন এবং নদীতীর রক্ষার কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেরিনির্ভর যোগাযোগের ভোগান্তি কমবে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে। এতে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন ও শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রাব্বি, বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, প্রকল্প পরিচালক ফারহানা হোসনা , চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মীরগঞ্জ সেতু নির্মিত হলে বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জসহ আশপাশের এলাকার প্রায় ১০ লাখ মানুষের যোগাযোগব্যবস্থা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে