জনগণ ভোট দিয়েছে তাদের কল্যাণের জন্য, তাই যেকোনো কাজের বিষয়ে দপ্তর প্রধানদের সরাসরি অবহিত করার নির্দেশনা প্রদান করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। রোববারে (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানান, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নই পরিবর্তন নয়, আসল পরিবর্তন আনতে হলে মানুষের মানসিকতা বদলাতে হবে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন সেবার মানোন্নয়ন ও অনিয়ম রোধে কঠোর বার্তা দেন এই সংসদ সদস্য। ওএমএস চাল সঠিকভাবে মানুষের কাছে না পৌঁছানোর অভিযোগে ডিলারদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি পাসপোর্ট অফিসকে অনতিবিলম্বে দালালমুক্ত করার তাগিদ দেন তিনি। শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা এবং ঐতিহাসিক ‘এসবি খাল’ অনতিবিলম্বে অবৈধ দখল মুক্ত করার পাশাপাশি যেখানে-সেখানে ময়লা ফেলা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দেন এমপি মানিক, যেন তা দেখে অন্যরা সতর্ক হয়ে যান। এছাড়া হাইমচরের জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কার, নতুন রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করা বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা দ্রুত অপসারণ এবং নামাজের সময় বারবার বিদ্যুৎ বিভ্রাটের আসল কারণ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়। নদীতে দেদারসে মা ইলিশ নিধনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে সতর্কতা অবলম্বন এবং জলাতঙ্ক রোধে কুকুর-বিড়ালের ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা প্রদান করেন তিনি। স্থানীয় জনদুর্ভোগের বাস্তব চিত্র সরাসরি প্রত্যক্ষ করতে আগামী শুক্রবারে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাদের নিজ বাসায় আসার ব্যতিক্রমী আহ্বান জানান তিনি। আলোচনা পর্ব শেষে জন্ম-নিবন্ধনে বিশেষ সাফল্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁদপুরের তিন উপজেলার ইউএনও-কে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। উক্ত সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা,হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।