চিলমারীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম
চিলমারীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুজন চন্দ্র দাস নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত রোববার সকালে উপজেলার রমনা ইউনিয়নের তেলিপাড়া ৮১ মিটার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই ব্যাক্তি উলিপুর উপজেলাধীন পূর্ব আঠারো পাইকা এলাকার শ্রী পরমানন্দ দাসের পুত্র বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাছ ব্যবসায়ী শ্রী সুজন চন্দ্র দাস নিরাশা মোটরসাইকেল যোগে মাছ ক্রয়ের জন্য সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের তেলিপাড়া ৮১ মিটার ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরিত দিক থেকে আসা বালুবাহী একটি ছয় চাকার ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিরাশাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই নিরাশার মৃত্যু হয়েছে। চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, সকালে বালুবাহী একটি ট্রাক্টর মাছ ব্যবসায়ী নিরাশার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিরাশার মৃত্যু হওয়ার কথা জেনেছি। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়ার জন্য মৃতের স্বজনরা থানায় যোগাযোগ করেনি।

আপনার জেলার সংবাদ পড়তে