লোহাগড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে মুস্তাফিজুর রহমান

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পিএম
লোহাগড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে মুস্তাফিজুর রহমান

শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে নড়াইলের লোহাগড়া পৌর শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম  মুস্তাফিজুর রহমান। সোমবার  রাতে তিনি পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম  মুস্তাফিজুর রহমান পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, আনন্দঘন পরিবেশে ও নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন,  পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় দুর্গোৎসব উপহার দেওয়া সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস,এম  মুস্তাফিজুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মোঃ আলী আকবর, চিত্রশিল্পী বলদেব অধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, জেলা প্রশাসন কর্তৃক গঠিত পূজা উদযাপন তদারকি কমিটির সদস্য ও সাংবাদিক শিমুল হাসান।

শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির বন্ধনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা নিয়ে লোহাগড়ায় প্রশাসনের এ তদারকি কার্যক্রম উৎসবের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।