খুলনায় হানিট্রাপের শিকার হয়েছেন আলতাফ হোসেন নামের এক রিয়েল স্টেট ব্যবসায়ী। সোমবার রাতে তাকে সোনাডাঙ্গা থানার দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। প্রতারণার শিকার হওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনার খালিশপুর এলাকায় চলমান আছে। খালিশপুর এলাকায় তার একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে প্রতারকরা রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নং রোডের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্লাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। এমন অভিযোগে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের থানায় আটক করে নেয় পুলিশ। সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল আলম বলেন, উর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তাদের আটক করা হয়। ব্যবসায়ীকে মেরে তারা নগদ এক লাখ টাকা ও একটি স্বাক্ষর করা খালি চেক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। মামলার প্রস্তুতি চলছে।