কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হলেও দুর্ঘটনাকবলিত রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টার মধ্যে সংস্কারকাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। এদিকে লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। বৃহস্পতিবার ভোরে বগি উদ্ধারের কাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ না হওয়ায় আপ লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, রেললাইন মেরামতের জন্য খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটে। নাওটি স্টেশনের উত্তর পাশে লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে জানান তারা। তাদের দাবি, রেললাইনে সংস্কারকাজ চলার বিষয়টি কর্ণফুলী কমিউটারের চালককে জানানো হয়নি। এদিকে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারকাজ ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঢাকা অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।