বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে জামায়াত অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগও করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন।
জামায়াতকে উদ্দেশ করে রিজভী বলেন, “আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যে প্রমাণ থাকার কথা, তা আছে। পরাজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে জামায়াত অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের প্রতিযোগিতায় এই দুই দলের সঙ্গে কেউ টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বিচ্যুত হয়নি বলে দাবি করেন রিজভী।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সম্পন্ন করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
চিকিৎসাসেবা প্রসঙ্গে রিজভী বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন পরীক্ষা না করিয়ে হাসপাতাল থেকে ফিরে না যান, তা নিশ্চিত করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।