নাটোরের লালপুরে হযরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি পুরোনো স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। ওই বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল। তবে চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভেল্লাবাড়ীয়া এলাকায় অবস্থিত মাজার ও মসজিদে এ ঘটনা ঘটে। মাজার পরিচালনা কমিটি ও মসজিদের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা সিন্দুক ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মাজারের সিন্দুকে প্রায় তিন বছর ধরে দানের টাকা জমা ছিল। এর আগে সাধারণত তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হতো। তখন প্রতিবার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত। তিনি আরও বলেন, আগেও কয়েক মাস পরপর সিন্দুক খুলে উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাওয়া গেছে। তবে এবার সিন্দুকে কত টাকা জমা ছিল এবং চুরির ঘটনায় মোট কত টাকা খোয়া গেছে, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, মাজারে চুরির ঘটনা জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল। এ ছাড়া একটি পুরোনো বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।