আফগানদের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিলো বাংলাদেশ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ পিএম
আফগানদের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিলো বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের মতো এদিনও ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ হয়েছে টাইগাররা। পারভেজ হোসেন ইমনের ৭০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ১৬০ রান করলেও সহজেই লক্ষ্য পেরিয়ে গেছে আফগানিস্তান। এই হারে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ছিল একেবারেই হতাশার। মাত্র ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারায় দলটি। তানজিদ হাসান তামিম ১, সৌম্য সরকার শূন্য, নাজমুল হোসেন শান্ত ১৫ এবং অধিনায়ক তাওহীদ হৃদয় কোনো রান না করেই ফিরে যান। এরপর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর আশা দেখায়। সাইফ ৮২ বলে ৪১ রান করে আউট হন। অন্যদিকে ইমন এক প্রান্ত আগলে রেখে খেলেন ৯৬ বলে ৭০ রানের ইনিংস। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ করেন ২ রান, শরিফুল ইসলাম ৭। শেষ পর্যন্ত ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রশিদ খান। তিনি নেন ৪ উইকেট। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই ২টি করে উইকেট শিকার করেন। জবাবে ১৬১ রানের লক্ষ্যে নেমে শুরুতেই দুই উইকেট হারায় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ৬ ও সেদিকউল্লাহ আতাল ৪ রান করে তাসকিন আহমেদের শিকার হন। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ইবরাহিম জাদরান ও রহমত শাহ ইনিংস সামলে দলকে এগিয়ে নেন। ইবরাহিম ৪৮ বলে ৩৪ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন। এরপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি অবিচ্ছিন্ন জুটি গড়ে আফগানিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রহমত ৯০ বলে অপরাজিত ৬৭ রান করেন। শহীদি ৫৪ বলে অপরাজিত থাকেন ৩৮ রানে। ৮৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট নেন। এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকছে জিম্বাবুয়ে।