শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। এতে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে এসেছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেয়।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে আবারও সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখার নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। বিশেষ ছাড়ের নির্ধারিত সময় শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই নিয়মে ফিরছেন ব্যবসায়ীরা।
চলতি বছরের শুরুতে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুতের ব্যবহার কমাতে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় কমিয়ে আনা হয়। এপ্রিলের শুরুতে সন্ধ্যা ৬টার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এরপর কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।
সেই সময়সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নিয়ম চালু ছিল। দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে আবারও আগের সময়সূচি অনুসরণ করতে হবে।