দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৬:৫৪ পিএম
দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে: এম রশিদুজ্জামান মিল্লাত

কুয়াকাটা কার্ণিভাল-২০২৬ কে ঘিরে কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে পর্যটকে পরিপূর্ণ রয়েছে। আগতরা সৈকতে আমুদে সময় কাটাচ্ছেন। পর্যটকের আগমনে এখানকার প্রায় ৩০০ হোটেল-মোটেল রিসোর্টের শতভাগ কক্ষ বুক্ড হয়ে আছে। পাঁচদিনের টানা ছুটির পাশাপাশি কুয়াকাটা কার্ণিভালকে ঘিরে কুয়াকাটা এখন পর্যটকে মুখরিত হয়ে আছে। সকাল থেকে রাত অবধি আগত পর্যটকরা স্বাচ্ছন্দের সঙ্গে উপভোগ করছেন কুয়াকাটার সৌন্দর্যমন্ডিত স্পট। তাঁরা ঘুরছেন গঙ্গামতি, কাউয়ারচর, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহারসহ নানান স্পটে। লেম্বুরচরে উপভোগ করছেন তিন নদীর মোহনা। সবুজে ঘেরা বনাঞ্চল আর সাগরের লোনা জলের পাড় দিয়ে উপভোগ্য এই সৈকতের সৌন্দর্য অবলোকনে মনপ্রাণ জুড়িয়ে যায় আগতদের। এখানে হোটেল-মোটেল, খাবার হোটেলসহ তিন সহস্রাধিক দোকানিরা এখন বেচাকেনায় ব্যস্ত রয়েছেন। দীর্ঘদিনের খরা খাটিয়ে তাঁরা চুটিয়ে ব্যবসা-বাণিজ্য করছেন। লাখো পর্যটকের সমাগম ও কার্ণিভালকে ঘিরে প্রশাসনের রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে সরকারের বিভিন্ন এজেন্সী ছাড়াও শতাধিক স্বেচ্ছাসেবী। এদিকে কার্ণিভাল ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে পর্যটকের ভিড়ে হোটেল মোটেল, খাবার হোটেলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে কুয়াকাটা ও তার আশাপাশের সৌন্দর্যমন্ডিত স্পট ভ্রমণে যাওয়া মানুষের কাছ থেকে অটো কিংবা টমটম ভ্যানে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়ার। তবে কলাপাড়া উপজেলা প্রশাসন বিষয়টি নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও মো: আরিফুজ্জামান। সব নিয়ে কুয়াকাটা এখন পর্যটকের পদচারনায় মুখরিত রয়েছে। শুক্রবার বিকাল তিনটায় বিচ ফুটবলের ফাইনাল খেলার মধ্য দিয়ে কুয়াকাটা কার্ণিভাল-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এর আগে শুক্রবার বেলা ১১ টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, ‘ দেশের তথা কুয়াকাটার পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে এখানে আজ থেকে শুরু হবে দুই দিনের কুয়াকাটা কার্ণিভাল-২০২৬। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটাকে দেশের ও বিদেশী পর্যটকের কাছে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। পর্যটন কর্পোরেশন এ উপলক্ষ্যে আজ শুক্রবার ও শনিবার বিভিন্ন ধরনের ইভেন্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। যেখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানকার ঐতিহ্যবাহী রাখাইন সম্প্রদায়েরসহ দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে বীচ ম্যারাথন। রয়েছে ঘুড়ি উৎসব। মোট কথা কুয়াকাটার সৌন্দর্য ঐতিহ্য-ইতিহাস তুলে ধরে ব্যাপক অনুষ্ঠানমালা থাকছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশের পর্যটন শিল্পের উন্নয়নে এটি বিশেষ পরিকল্পনার একটি। তিনি ক্ষোভ তুলে বলেন, বিগত সরকার গেল নয় বছরে কুয়াকাটাতে তুলে ধরতে কোন ধরনের প্রচার-প্রচারণা কিংবা কার্ণিভাল করেনি। একবার করেছিল তা নিয়ে দুর্নীতির অন্তহীন অভিযোগ তখনকার সময়ে গণমাধ্যমে প্রচার হয়েছিল। তাই বর্তমান বিএনপি সরকার কুয়াকাটার টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।’ মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কুয়াকাটার খান প্যালেস আবাসিক হোটেল কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বলেন। 

তিনি এসময় দেশের ইতিবাচক কর্মকান্ড তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শামীমুজ্জামান এই সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এমপি, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফসহ বরিশাল ও পটুয়াখালী জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আরো বলেন, 'ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের প্রকল্পটি ৩ নভেম্বর একনেক সভায় উঠবে। এটা পাশ হয়ে গেলে ৩-৪ বছর লাগার কথা নয়, সর্বোচ্চ ২-৩ বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ হওয়ার কথা। এ সড়কটির কাজ বাস্তবায়ন হলে কুয়াকাটার জন্য বিরাট সম্ভাবনা তৈরি হবে।'

মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এমপি বলেন, 'বর্তমান সরকার সকল কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করেছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমবে। কুয়াকাটাকে আন্তর্জাতিক প্লানার দিয়ে পরিকল্পনা করে সাঁজানোর পরিকল্পনা আমরা নিয়েছি।'আজ বিকেলে কুয়াকাটা কার্ণিভাল-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে জানানো হয়েছে। মূলত: বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে দুইদিনব্যাপী কুয়াকাটা কার্ণিভাল-২০২৬ এর কার্যক্রম শুরু হয়ে গেছে সকাল থেকেই। কুয়াকাটা কার্ণিভাল-২০২৬ উদযাপনকে ঘিরে সব ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন জানান, তিনি নিজে থেকে গত পাঁচদিন ধরে সবকিছু তদারকি করছেন কার্ণিভাল সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে। কার্ণিভালকে ঘিরে এখন কুয়াকাটায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গোটা কুয়াকাটা এখন পর্যটকে টপরিপূর্ণ হয়ে আছে। সর্বত্র পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে আছে।

আপনার জেলার সংবাদ পড়তে