হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ছয় যুবক আহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০২:৩৩ পিএম
হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ছয় যুবক আহত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নদী বেষ্ঠিত বরিশালের মুলাদী উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রমতে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে একটি ঘরে বসে ছয় যুবক হাতবোমা তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণে সবাই আহত হন। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উত্তর বালিয়াতলী গ্রামের দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২২) এবং বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে সালমান (২১)। অন্য চারজনের পরিচয় জানা যায়নি। ঘটনার পর আহতদের স্বজন ও সহযোগীরা অত্যন্ত গোপনে চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় নিয়ে গেছেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সন্দেহ এড়াতে আহতদের ঢাকার ৩-৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চক্র কোন এক প্রার্থীর পক্ষে এসব বোমা তৈরি করছিলো। অপর একটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য ধরে রাখতে ও প্রতিপক্ষকে ঠেকাতে তারা হাতবোমা, ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করছে। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ উত্তর বালিয়াতলী এলাকা পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ এ বিষয়ে তথ্য দিচ্ছেন না। আহত ব্যক্তিরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে এবং তাঁদের সন্ধান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে