চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ২৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার অবৈধ জাল এবং ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
রোববার চাঁদপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, নদীতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও মা ইলিশ রক্ষার নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসেন জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধ মৎস্য আহরণ বন্ধে নৌ পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। এই অভিযানের অংশ হিসেবেই ২৫ জেলেকে আটক এবং তাঁদের ব্যবহৃত নৌকা, জাল ও মাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪ জন জেলের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে জব্দ করা ৮০ কেজি ইলিশ মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত নৌকা ও জালের বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চাঁদপুর পদ্মা-মেঘনা নদীবেষ্টিত একটি অন্যতম প্রধান মৎস্যসম্পদসমৃদ্ধ অঞ্চল এবং এখানকার বিপুলসংখ্যক মানুষের জীবিকা ইলিশ আহরণের ওপর নির্ভরশীল। মৎস্য বিশেষজ্ঞদের মতে, প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে জেলেদের জীবিকা ও দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে নদীর বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশের টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে জেলে ও মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানিয়েছে নৌ পুলিশ।