তৃতীয় টি-টোয়েন্টির আগে ভারত শিবিরে চোটের ধাক্কা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৭ পিএম
তৃতীয় টি-টোয়েন্টির আগে ভারত শিবিরে চোটের ধাক্কা

ভারতের উইকেটকিপার ব্যাটার ইশান কিষাণ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না। সিরিজের প্রথম ম্যাচে তিনি চোট পান। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, প্রথম ম্যাচে লো গ্রেড রাইট অ্যাডাক্টর স্ট্রেইনে ভুগছেন কিষাণ। এই চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়েন তিনি। তার অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। দ্বিতীয় ম্যাচে কিষাণের জায়গা নেন বৈভব সূর্যবংশী। তবে ভালো কিছু করে দেখাতে পারেননি এই উদীয়মান তারকা। বোর্ড জানিয়েছে, এই মুহূর্তে ভালোভাবে সেরে উঠছেন ভারতীয় ব্যাটার। বিবৃতিতে বিসিসিআই আরও জানিয়েছে, ‘সে এখনও ম্যাচ ফিটনেস ফিরে পায়নি এবং ২০২৬ সালের ২৭ অক্টোবর ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছে। বিসিসিআই মেডিকেল টিম ঈশানের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।’ প্রথম দুটি ম্যাচই জিতে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে আছে। আজ জিতলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে।