গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস হেড কোয়ার্টার কন্ট্রোল রুমের তথ্যে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কোনাবাড়ীর দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি থাকায় পার্শ্ববর্তী সারাবো কাশিমপুর ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে।
এ প্রতিবেদনে লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা ৮ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী তথ্যটি নিশ্চিত করে বলেন, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটাররা কাজ করছেন। এখনও আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাচ্ছে না।