সৈয়দপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:১১ এএম
সৈয়দপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপি ও যুবদলের নেতারা বক্তব্য দেন। সভায় যুবদলের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক ঐক্য, নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে অবস্থান এবং সৈয়দপুরের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আকতার পাপ্পু।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার শাহীন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তাঁদের ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও আবেগের সম্পর্ক রয়েছে। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হলেও জীবনের গুরুত্বপূর্ণ সময় তিনি যুবদলের সঙ্গে কাটিয়েছেন বলেও উল্লেখ করেন। সৈয়দপুরের উন্নয়ন নিয়ে বক্তব্যে সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকার উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন কার্যক্রম চললেও সৈয়দপুরবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তারেক রহমানের সৈয়দপুর সফর ও কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন কর্মসূচিতে যাতায়াতের পাশাপাশি ভবিষ্যতে সৈয়দপুরেও প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শাহীন আকতার শাহীন বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় সিদ্ধান্ত ও প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ বলেন, বিগত সরকারের সময়ে যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, কারাবরণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরও তাঁরা রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে সরে যাননি। অনুষ্ঠানে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার বকুল, খালেদ হাবিব, তানভীর আনিস, নাঈম সরকার, সুজাউল হক সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি আরমান হোসেন এবং জেলা তাঁতী দলের সদস্যসচিব মো. জুয়েল উপস্থিত ছিলেন। পৌর যুবদলের আহ্বায়ক সালাম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্যসচিব কামরান উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, জাবেদ হোসেন গুড্ডু ও ইমরান হোসেন লাড্ডানসহ পৌর যুবদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। সৈয়দপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ারুল ইসলাম ও সদস্যসচিব গোলাম মোস্তফাসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি বিলায়েত হোসেন বিলু এবং সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে