নেত্রকোনার দুর্গাপুরে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে খাবার জলপাই পরিষ্কারের অভিযোগে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যবসায়ীর নাম ইদ্রিস আলী। তিনি ওই পার্শ্ববর্তী বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ও জলপাই ব্যবসায়ী। অভিযান সূত্রে জানা যায়, গাছ থেকে সংগ্রহ করা কাঁচা জলপাই সড়কের পাশে রেখে চার বস্তা জলপাই কাপড় ধোয়ার পাউডার (কেয়া) দিয়ে পরিষ্কার করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় ডিটারজেন্ট পাউডার দিয়ে জলপাই পরিষ্কারের বিষয়টি প্রমাণিত হওয়ায় ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করায় প্রথমবারের মতো তাকে সতর্ক করা হয়েছে এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জনসম্মুখে পর্যাপ্ত পানি দিয়ে জলপাই ধুয়ে নেওয়া হয় যেন খাওয়া উপযোগী হয়। এ ধরনের ক্ষতিকর কর্মকান্ড প্রতিরোধে জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।