নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ ফজলে হুদা বাবুল বলেছেন, মেম্বারশীপ নিয়ে, চেয়ারম্যাশীপ নিয়ে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মেম্বার সিলেকশন দিব গণতান্ত্রিকভাবে।
এমপি স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, নির্দলীয় ভোটে কেউ কেউ লেটার হেড প্যাডে আমন্ত্রণ জানায় যে, দরখাস্ত দেন আপনাকে চেয়ারম্যান করা হবে। মানে মাল দেন। আর দলটা বিক্রি করেন না দয়া করে। ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে। এখন দেশটা বাঁচানোর সংগ্রামে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন, কে কে চেয়ারম্যান নোমিনেশন পাবেন, কে উপজেলা পাবেন, কে ভাইস চেয়ারম্যান নোমিনেশন পাবেন। এটা ওনার কম্পিউটারে আছে। এইটার কোন দিক নির্দেশনা এখনও উনি দেননি। উনি একটি কথাই বলেছেন, ‘যিনি জনপ্রিয় ব্যক্তি তিনিই পাবেন মনোনয়ন’। এর বাইরে কোন কথা এখনও আসেনি। গণতন্ত্র, নিয়মতন্ত্র, গঠনতন্ত্র এই তন্ত্রের বাইরে কোন তন্ত্র মন্ত্র নাই। আমার কাছে কোন প্রিয় লোকও নাই। তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে মূল্যায়ন করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এমপি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। যুগ্ম আহ্বায়ক এ, কে, এম, মাসুদুর রহমান টিক্কার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ প্রমুখ। এসময় অন্যদের মঞ্চে মঞ্চে উপবিষ্ট ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নানু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ। ফজলে হুদা বাবুল বলেন, চারিদিকে শকুনেরা তাকিয়ে আছে। গুপ্ত আর সুপ্তরা আমাদের দলেও সক্রিয় রয়েছে। বিএনপির নামে যারা স্বাধীনতা বিরোধীদের মার্কা নিয়ে মাঠে ছিল তাদের সাথে কমপ্রোমাইজ হবেনা। এমপি বিগত সময়ে পরলোকগমণ করা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী নান্নু, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মজিবর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক কিসমত মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাতেম আলী, সাবেক কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, আতাউর রহমান প্রমুখের আত্মার মাগফিরাত কামনা করেন।