রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) :
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:০৬ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:০৬ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান

নড়াইলের কালিয়া উপজেলাধীন নড়াগাতি থানার ঘড়িভাঙ্গা গ্রামনিবাসী বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে ও শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কালিয়ার এই বীর মুক্তিযোদ্ধা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় মরহুমের জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম ও নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো: হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর সন্তানকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে শেষ বিদায় জানান। রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শনের পর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সুধীসমাজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে