সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং একজন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। খাসমহল নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রুবেল হোসেন কে ভারতীয় ১ বোতল মদ, ১০ পিস ইয়াবা, ১টি স্বর্ণের আংটি, ১টি এয়ারপড, ২টি সিম কার্ড ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮,৪২০ (আটাত্তর হাজার চারশত বিশ) টাকা। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা বজায় রাখা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।