‘দম’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছিলেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সেই জুটি আবারও ফিরছে নতুন সিনেমায়। নির্মাতা ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খলনায়ক’-এ কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে তাঁদের। প্রধান নারী চরিত্রে থাকছেন তমা মির্জা। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং বাংলাদেশ ও ভারতে সম্পন্ন হয়েছে।
কয়েক মাস ধরেই ‘খলনায়ক’ নির্মাণ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা চলছিল। শুরুতে বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন নির্মাতা। তবে শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রথমবারের মতো যৌথভাবে কাজ করছে হইচই স্টুডিওজ।
ছোট পর্দা ও ওটিটিতে ভিন্নধর্মী গল্প নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া ভিকি জাহেদের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তাঁর গল্প, চিত্রনাট্য ও নির্মাণে ‘খলনায়ক’-এ মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তা তুলে ধরা হবে।
সিনেমাটি নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘মানব চরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ খলনায়ক। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী, প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন। নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, তেমনই আনন্দের।’
আফরান নিশোর কাছেও সিনেমাটির গল্প ও চিত্রনাট্য আলাদা মনে হয়েছে। তিনি বলেন, ‘ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। খলনায়কের চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। আশা করি দর্শকেরা নতুন এক অভিজ্ঞতা পাবেন।’
চঞ্চল চৌধুরী জানিয়েছেন, সিনেমায় তাঁর চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক। একজন অভিনেতা হিসেবে এমন চরিত্র তাঁকে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে আবারও কাজ করার অভিজ্ঞতা উপভোগ্য বলেও জানিয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, দর্শক সিনেমাটি উপভোগ করবেন।
সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খানসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এর আগে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘হৃদয় জুড়ে’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভট। প্রডাকশন ডিজাইন ও শিল্প নির্দেশনায় কাজ করেছেন ভারতের শিবাজী পাল। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, তাঁরা সিনেমার গুণগত মান ও দর্শকের চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। ‘খলনায়ক’-এর মাধ্যমে বাংলা ভাষার দর্শকদের বিশ্বমানের মনস্তাত্ত্বিক থ্রিলারের অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা তাঁদের।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনির বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এর আগে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো সিনেমার সঙ্গে যুক্ত ছিল এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।
তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই মুক্তির তারিখসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।