এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে পাসের হার ও জিপিএ-৫-দুটিই কমেছে। রাজশাহী শিক্ষাবোর্ডেও ফলাফলের বিপর্যয় দেখা গেছে, পাশের হার মাত্র ৪৫.৬ শতাংশ। তবে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতিবারের মত এবছরও কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৬ জনই জিপিএ-৫ পেয়েছে। শনিবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধুমাত্র লেখাপড়া নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে। এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজসমূহ ক্যাডেটদের জ্ঞান-গরিমায় সমৃদ্ধ করে নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। ভবিষ্যতে এ কর্মধারা যেন অব্যাহত থাকে সেজন্য রাজশাহী ক্যাডেট কলেজ সকলের আন্তরিক দোয়া কামনা করছে।